রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

কাল নতুন এমপি হচ্ছেন ৪৯ জন

জাতীয় ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ০৭:৫২ পিএম

কাল নতুন এমপি হচ্ছেন ৪৯ জন

সংরক্ষিত নারী আসনের গেজেট কাল।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার তাদের নাম উল্লেখ করে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, ইতিমধ্যে ৪৯ জন প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করা হয়েছে। এসব নাম নির্বাচন কমিশনে উপস্থাপনের পর আইন অনুযায়ী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসেবে গেজেট প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন হবে। বেসরকারিভাবে নির্বাচিত এসব সংসদ সদস্যদের নাম ও ঠিকানাসহ গেজেট প্রকাশের পূর্ণাঙ্গ ব্যবস্থা নেবে ইসি সচিবালয়।

মঈন উদ্দিন খান বলেন, বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারিত ছিল। তবে এই সময়ের মধ্যে কোনো প্রার্থী তাদের আবেদন প্রত্যাহার করেননি। 

শূন্য পদের সংখ্যা এবং মনোনয়নপত্রের সংখ্যা সমান হওয়ায় আইনের বিধান অনুযায়ী তাদের নির্বাচিত ঘোষণা করা হয়েছে।নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, গেজেট প্রকাশের কাজ শেষ হলে তা শপথ আয়োজনের জন্য সংসদ সচিবালয়ে পাঠানো হবে। আইন অনুযায়ী গেজেট প্রকাশের পর নির্দিষ্ট সময়ের মধ্যে নবনির্বাচিত এই সংসদ সদস্যদের শপথ নিতে হবে।

গেজেট প্রকাশের পর নির্বাচিত এসব নারী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করবে সংসদ সচিবালয়। বর্তমানে নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এই প্রক্রিয়ার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রক্রিয়াটি চূড়ান্ত ধাপে পৌঁছাল।