এপ্রিল ৩০, ২০২৬, ১০:৪০ পিএম
সরকারি ব্যয় সংকোচনের লক্ষ্যে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন কড়াকড়ি আরোপ করেছে সরকার। এখন থেকে অতিরিক্ত সচিব বা সমপর্যায়ের কর্মকর্তারা আকাশপথে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিজনেস ক্লাসের পরিবর্তে ইকোনমি ক্লাসে যাতায়াত করবেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব র. হ. ম. আলাওল কবির স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সরকারের আর্থিক ব্যয় সাশ্রয়ের উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনার আওতায় অতিরিক্ত সচিব বা সমপর্যায়ের সরকারি, স্বায়ত্তশাসিত, স্বশাসিত, সংবিধিবদ্ধ ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা অন্তর্ভুক্ত থাকবেন।
নতুন নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তারা এখন থেকে বিজনেস, ক্লাব বা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে ইকোনমি ক্লাসে ভ্রমণ করবেন।নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, অর্থ বিভাগের ২০১২ সালের ৯ অক্টোবরের ভ্রমণ ভাতা নীতিমালার ২১ (খ) অনুচ্ছেদে যা-ই থাকুক না কেন, এই নতুন সিদ্ধান্ত কার্যকর থাকবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে এবং সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে এই নিয়ম মেনে চলতে বলা হয়েছে।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও অভ্যন্তরীণ ব্যয় ব্যবস্থাপনায় মিতব্যয়িতা আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইতিমধ্যে সরকারের বিভিন্ন পর্যায়ের উন্নয়ন ও প্রশাসনিক ব্যয় পর্যালোচনা করে অপ্রয়োজনীয় খরচ কমানোর তাগিদ দেওয়া হয়েছিল। নতুন এই নির্দেশনার ফলে উচ্চপদস্থ কর্মকর্তাদের বিদেশ যাতায়াতের খরচ উল্লেখযোগ্য হারে কমবে বলে ধারণা করা হচ্ছে। আদেশটি অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সকল বিভাগ ও সংস্থাকে অবহিত করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন