জুলাই ২৮, ২০২৬, ১০:১৪ এএম
দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ মো. আখতারুজ্জামান মিয়া দুই উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতিমুক্ত ও মানবিক সেবা প্রদানের জোর আহ্বান জানিয়েছেন। সাধারণ জনগণের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্ব ও সততার সাথে সেবা নিশ্চিত করার ওপর তাগিদ দিয়ে তিনি স্পষ্ট জানান যে, সেবা গ্রহণে যেকোনো ধরনের অসৌজন্যমূলক ও হয়রানিমূলক আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
মঙ্গলবার এক বিশেষ বার্তা ও দাপ্তরিক আহ্বানের মাধ্যমে স্থানীয় কর্মকর্তাদের প্রতি এই কঠোর নির্দেশনা প্রদান করা হয়।প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই বিশেষ বার্তা দেওয়া হয়।হুইপ আখতারুজ্জামান মিয়া সতর্ক করে জানান, উপজেলা প্রশাসন, স্বাস্থ্যসেবা, ভূমি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রতিটি সরকারি দপ্তরে যেকোনো সাহায্য, প্রকল্প বা ভাতার বিনিময়ে প্রত্যক্ষ বা পরোক্ষ অনৈতিক লেনদেন ও ঘুষ গ্রহণের প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি সেবাকে জনগণের সাংবিধানিক অধিকার উল্লেখ করে তিনি সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দায়িত্ব স্বচ্ছতার সাথে পালনের অনুরোধ জানান। রাষ্ট্রের মর্যাদা সমুন্নত রাখতে এবং জনগণের আস্থা বজায় রাখতে অনিয়মের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন