মে ১, ২০২৬, ০৭:০০ পিএম
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিনি দেশ গড়ার লক্ষ্যে শ্রমিকদের খাতায় নিজের নাম লেখাতে চান। শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তারেক রহমান বলেন, আপনারা যেমন বিভিন্ন খাতে কাজ করেন, তেমনি আপনাদের খাতায় আমি একজন শ্রমিক হিসেবে আমার নাম লেখাতে চাই।
শ্রমিকদের কল্যাণে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, শ্রমিকদের স্ত্রীরা সরকারিভাবে ‘ফ্যামিলি কার্ড’ পাবেন। এছাড়া কৃষকদের ১০ হাজার টাকা ঋণ মওকুফ করা হয়েছে এবং তাঁদের জন্য বিশেষ কার্ড প্রদানের বিষয়েও কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।
দেশের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অধিকাংশ মানুষ গ্রামে বাস করে এবং তাঁরা সঠিক সময়ে পানি পায় না। এই সমস্যা সমাধানে সরকার নতুন করে খাল খনন কর্মসূচি শুরু করেছে। তিনি মনে করেন, কৃষক ও শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে পারলেই বাংলাদেশের সামগ্রিক ভাগ্যের পরিবর্তন সম্ভব হবে।
বিগত সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনামলে প্রতিটি শ্রেণিপেশার মানুষকে তাঁদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। সে সময় অর্থনীতিকে লুটপাটের মহোৎসবে পরিণত করা হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।প্রধানমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই দেশের সব বন্ধ কল-কারখানা পুনরায় চালু করার নির্দেশনা দিয়েছে।
পর্যায়ক্রমে সবগুলো কারখানা চালু করা হবে যাতে শ্রমিকরা পুনরায় কাজ করার সুযোগ পায়। শ্রমিকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে—এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে ঢাকার আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চল থেকে আসা কয়েক হাজার শ্রমিক ও দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন