মে ২, ২০২৬, ০৪:৫১ পিএম
ঢাকায় নতুন করে কোনো শীর্ষ সন্ত্রাসী বা তাদের সহযোগীদের মাথাচাড়া দেওয়ার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার। শনিবার (২ মে) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় একটি নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধনকালে তিনি এই হুঁশিয়ারি দেন।ডিএমপি কমিশনার জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ও চাঁদাবাজি বিরোধী বিশেষ অভিযান শুরু হয়েছে।
অভিযানে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই কার্যক্রম চলমান থাকবে। অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপির পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট সমন্বিতভাবে কাজ করছে।
কারওয়ান বাজার এলাকার নতুন পুলিশ ক্যাম্পটি সম্পর্কে তিনি বলেন, এই এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে এই ক্যাম্প কার্যকর ভূমিকা রাখবে। এখানে সার্বক্ষণিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ গোপনে বা প্রকাশ্যে তথ্য দিলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।
প্রয়োজন হলে ওই এলাকায় অতিরিক্ত ফোর্সও মোতায়েন করা হবে বলে তিনি জানান।ডিএমপি কমিশনারের তথ্য অনুযায়ী, বড় ধরনের শীর্ষ সন্ত্রাসী বর্তমানে না থাকলেও তাদের কিছু সহযোগী এবং নতুন কিছু অপরাধী প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এমন ব্যক্তিদের কড়া নজরদারিতে রাখা হয়েছে। কেউ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলে তাদের কঠোরভাবে দমন করা হবে।
এসব পদক্ষেপের মাধ্যমে ঢাকায় অপরাধ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরাধ দমনে পুলিশের এই তৎপরতা রাজধানীর অন্যান্য এলাকাতেও জোরদার করা হবে বলে কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন