মে ৮, ২০২৬, ০৯:৪৯ এএম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশের উদ্দেশে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে মরদেহটি ঢাকার পথে রওয়ানা হয়। দুবাই হয়ে ফ্লাইটটি শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মরদেহ পাঠানোর পুরো প্রক্রিয়াটি তদারকি করছে। কনসাল জেনারেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আইনি ও প্রশাসনিক কাজ শেষে দ্রুততম সময়ে এই উদ্যোগ নেওয়া হয়। কনস্যুলেট সূত্র জানায়, বৃষ্টির পাশাপাশি নিহত অপর শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহও একইভাবে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। দুই শিক্ষার্থীর মরদেহ দেশে ফিরিয়ে নেওয়ার সম্পূর্ণ ব্যয়ভার বহন করছে বাংলাদেশ সরকার।
এর আগে গত ১ মে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করে। পরবর্তী সময়ে ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাস, মায়ামি কনস্যুলেট, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বৃহস্পতিবার বাদ জোহর ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে নাহিদা সুলতানার জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী বাংলাদেশি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কনস্যুলেটের প্রতিনিধিরা অংশ নেন।
এদিকে মর্মান্তিক এই ঘটনায় নিহত জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)। বিশ্ববিদ্যালয়ের আসন্ন বসন্তকালীন সমাবর্তনে এই সম্মাননা প্রদান করা হবে।
গত ৫ মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেটকে আনুষ্ঠানিকভাবে এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানায়। চিঠিতে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে সম্মাননা গ্রহণের জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধিকে অনুরোধ জানানো হয়েছে। কনস্যুলেট থেকে জানানো হয়েছে, একজন প্রতিনিধি ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে এই মরণোত্তর ডিগ্রি গ্রহণ করবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন