রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

প্রথমবারের মতো বাংলাদেশ-মরক্কো বি-টু-বি প্ল্যাটফর্ম চালু

জাতীয় ডেস্ক

মে ২০, ২০২৬, ১১:২৫ পিএম

প্রথমবারের মতো বাংলাদেশ-মরক্কো বি-টু-বি প্ল্যাটফর্ম চালু

মরক্কোর রাবাতে প্রথমবারের মতো বাংলাদেশের সঙ্গে দেশটির বি-টু-বি (বিজনেস-টু-বিজনেস) মিটিং প্ল্যাটফর্ম চালু হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই নতুন প্ল্যাটফর্মের উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়া এবং আফ্রিকা ও ইউরোপের প্রবেশদ্বার মরক্কোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং সবুজ উদ্ভাবনের নতুন সম্ভাবনার দ্বার খুলে গেল।

দুই দেশের মধ্যে টেকসই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যেই এই প্ল্যাটফর্ম কাজ করবে।উদ্বোধনী অনুষ্ঠানে শামা ওবায়েদ ইসলাম জানান, উচ্চমূল্যসম্পন্ন এবং মানুষকেন্দ্রিক অংশীদারিত্ব গড়ে তোলাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য।

 বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রফতানিকারক দেশ এবং ওষুধ, চামড়া, সিরামিক ও হালকা প্রকৌশল শিল্পে দ্রুত বিকাশমান। বাংলাদেশের ব্যবসায়ীদের মরক্কোতে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি দুই দেশের শিল্প খাতের সমন্বয় করার ওপর জোর দেন।

বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্য।মরক্কোর প্লাস্টিকমুক্ত উদ্যোগের সঙ্গে তাল মিলিয়ে পাটভিত্তিক পণ্য সরবরাহকারী হিসেবে বাংলাদেশ বড় সুযোগ পেতে পারে। অনুষ্ঠানে বাংলাদেশের পাটপণ্যের একটি প্রদর্শনীও আয়োজন করা হয়, যা প্রতিমন্ত্রী ও মরক্কো চেম্বার অব কমার্সের সভাপতি হাসান সাখি যৌথভাবে উদ্বোধন করেন। 

আগামী নভেম্বরে মরক্কোর একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফরের পরিকল্পনা করেছে। এই সফর যৌথ বিনিয়োগ ও নতুন অংশীদারিত্বের পথ আরও সুগম করবে বলে আশা করা হচ্ছে।