রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

রামিসার বাবাকে সান্ত্বনা দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

মে ২১, ২০২৬, ১১:১৪ পিএম

রামিসার বাবাকে সান্ত্বনা দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার শিকার সাত বছর বয়সী শিশু রামিসার বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী সরাসরি মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকে অবস্থিত নিহত রামিসার বাসভবনে পৌঁছান। তিনি শোকার্ত বাবা-মা ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং এই মর্মান্তিক ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেন।

রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি শোকসন্তপ্ত পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

প্রধানমন্ত্রী ঘটনার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করার নির্দেশনা প্রদান করেন। আইনমন্ত্রী জানান, এই মামলার তদন্ত প্রতিবেদন সাত দিনের মধ্যে জমা দেওয়ার জন্য পুলিশ কমিশনারকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।

মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রী কারাগারে রয়েছে এবং তাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে চলছে।প্রধানমন্ত্রীর এই সফর ভুক্তভোগী পরিবারকে আইনি লড়াইয়ে বড় ধরনের সাহস জোগাবে বলে মনে করা হচ্ছে। 

সরকার প্রধানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, এই জঘন্য হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করা হবে এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করা হবে। রামিসার পরিবারের প্রতি প্রধানমন্ত্রীর এমন মানবিক সাড়া দেশজুড়ে প্রশংসিত হচ্ছে এবং বিচারপ্রার্থী মানুষের মধ্যে আশার আলো ছড়াচ্ছে।