মে ২২, ২০২৬, ০৬:৫৫ পিএম
ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রার শুরুতেই কমলাপুরে চাপ লক্ষ্য করা গেছে এবং শুক্রবার সকাল থেকেই মানুষ গ্রামে ফিরছেন। সরকারি নির্ধারিত সাধারণ ছুটি এখনও শুরু না হলেও ভিড় এড়াতে অনেকেই নিজেদের স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যদের আগেভাগে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। এর ফলে সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে সাধারণ যাত্রীদের উপস্থিতি অন্যান্য দিনের চেয়ে স্বাভাবিকের চেয়ে বেশি ছিল।তবে প্রথম দিনেই ঢাকা থেকে বেশ কিছু ট্রেন ছাড়তে বিলম্ব হয়েছে।
সকালে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস এবং লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে স্টেশন ছেড়ে গেছে। পরিবারকে ট্রেনে তুলে দিতে আসা কমলাপুরের যাত্রীরা জানান, নিরাপদ ভ্রমণের জন্য তারা রেলকে বেছে নিয়েছেন এবং পরে মানুষের চাপ আরও বাড়তে পারে বলেই এই আগাম সিদ্ধান্ত। কমলাপুর স্টেশনের ম্যানেজার কবির হোসেন জানান, সকাল থেকে মোট ১১টি আন্তঃনগর ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বৈধ টিকিট ছাড়া কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না।এর আগে ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ছুটির আগে ২৩ ও ২৪ মে সরকারি অফিসগুলো যথারীতি খোলা থাকবে। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি সরবরাহ এবং ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবাগুলো এই সাধারণ ছুটির আওতামুক্ত থাকবে। এছাড়া টেলিফোন, ইন্টারনেট, ডাক সেবা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং চিকিৎসাসেবায় নিয়োজিত যানবাহন ও কর্মীরা ছুটির দিনেও নিয়মিত দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। উচ্চ ও নিম্ন আদালতের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট দিকনির্দেশনা প্রদান করবে। বেসরকারি শিল্প প্রতিষ্ঠান এবং কল-কারখানার ছুটির বিষয়টি দেশের প্রচলিত শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় তদারকি করবে বলে উল্লেখ করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন