রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

রূপপুর পারমাণবিকে যুক্ত হলো উন্নত ‘স্মার্ট অ্যাসিস্ট্যান্ট’ সিস্টেম

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৭, ২০২৬, ১০:৩৪ এএম

রূপপুর পারমাণবিকে যুক্ত হলো উন্নত ‘স্মার্ট অ্যাসিস্ট্যান্ট’ সিস্টেম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্ত হলো উন্নত অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম বা ওআইএসএস। রাশিয়ার বাইরে প্রথমবারের মতো নিজ দেশের প্রযুক্তি ব্যবহার করে এই স্মার্ট অ্যাসিস্ট্যান্ট স্থাপন করেছে রোসাটম। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যকারিতা বাড়াতে এই ডিজিটাল প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

এটি দেশের জ্বালানি খাতের জন্য একটি বড় মাইলফলক।রোসাটমের অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস ইউনিট ১-এর ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল সিস্টেমে এই প্রযুক্তি সফলভাবে কমিশনিং করেছে। 

সিস্টেমটি হাজার হাজার অপারেশনাল প্যারামিটার রিয়েল-টাইমে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে সক্ষম। এটি তথ্যের ভিজ্যুয়ালাইজেশন উন্নত করে সিদ্ধান্ত গ্রহণে অপারেটরদের সহায়তা করবে। এতে প্ল্যান্টের নির্ভরযোগ্যতা ও দক্ষতা বহুগুণ বাড়বে বলে আশা করা হচ্ছে।

বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ কর্মীরাই মূলত এই প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবেন।নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এই স্মার্ট সিস্টেম স্থাপনের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রকল্পের পরিচালক ড. মো. কবির হোসেন জানান, আধুনিক রিয়্যাক্টর প্রযুক্তির সঙ্গে এই ডিজিটাল সমাধান কর্মীদের কার্যকারিতা ও পরিচালন সংস্কৃতি আরও শক্তিশালী করবে। 

রাশিয়ার নোভোভোরোনেঝ ও কুর্স্ক-২ বিদ্যুৎকেন্দ্রে একই ধরনের প্রযুক্তি ইতোমধ্যে কার্যকর রয়েছে।রূপপুরে রাশিয়ার নকশা করা দুটি ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর রয়েছে, যার সম্মিলিত ক্ষমতা ২,৪০০ মেগাওয়াট। বিশ্বমানের সুরক্ষা মান মেনে তৃতীয় প্রজন্মের এই রিয়্যাক্টর প্রযুক্তি বর্তমানে রাশিয়া ও বেলারুশেও পরিচালিত হচ্ছে।