জুন ৭, ২০২৬, ১০:৪৫ পিএম
গত মে মাসে ঢাকা মহানগরে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে ৫ হাজার ২০৯টি ফৌজদারি ও ৩৩৭টি ট্রাফিক মামলা নিষ্পত্তি হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা এসব মামলার বিচার কার্যক্রম পরিচালনা করেন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির আইন কর্মকর্তা মোহাম্মদ আতাউল হক জানান, মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগের আওতায় এই মামলাগুলো নিষ্পত্তি হয়েছে।
নিষ্পত্তি হওয়া এসব ফৌজদারি মামলায় আটক ছিলেন ৯ হাজার ৯২৩ জন আসামি। এর মধ্যে ৫ হাজার ৯৫৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলাগুলো থেকে ২২ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ ছাড়া নিলাম ও বাজেয়াপ্ত বাবদ আদায় হয়েছে ৭৮ হাজার ২৮২ টাকা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মে মাসে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ডিএমপির যৌথ উদ্যোগে ৩৯টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে মে মাসে ১ হাজার ৩০০টি মামলা করা হয়। এর মধ্যে ৩৩৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। ট্রাফিক মামলা থেকে মোট ৬ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে এবং একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
ডিএমপি জানিয়েছে, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে বিভিন্ন অপরাধের তাৎক্ষণিক বিচার হওয়ায় মহানগরবাসীর মধ্যে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে অপরাধীদের মধ্যে ভীতি তৈরি হচ্ছে, যা ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন