জুন ৮, ২০২৬, ০৮:৩১ পিএম
আনন্দময় শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে আগামী শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে চারটি নতুন বিষয় চালু করতে যাচ্ছে সরকার। এর মধ্যে চতুর্থ শ্রেণিতে দুটি এবং ষষ্ঠ শ্রেণি থেকে আরও দুটি বাধ্যতামূলক বিষয় যুক্ত করা হবে। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন।
পরিকল্পনা অনুযায়ী, চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়া ও সংস্কৃতি বিষয়টি যুক্ত করা হবে। ষষ্ঠ শ্রেণি থেকে যুক্ত হতে যাচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস নামে দুটি বিষয়। উপদেষ্টা মাহ্দী আমিন জানান, লার্নিং উইথ হ্যাপিনেসের মাধ্যমে মূল্যবোধের চর্চা ও শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণকেও গুরুত্ব দেওয়া হবে।
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষাক্রম রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। ২০২৭ সাল থেকে এসব বিষয় পরিমার্জিত আকারে চালু করা হচ্ছে। তবে ২০২৮ সাল থেকে নতুন একটি পূর্ণাঙ্গ শিক্ষাক্রম বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে। এর রূপরেখা প্রণয়নের কাজ শিগগিরই শুরু হবে।
সংবাদ সম্মেলনে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের বিষয়েও জানানো হয়। আগামী ২০ জুলাই ২০২৬ তারিখে এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এছাড়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি এবং এইচএসসি পরীক্ষা ৬ জুন শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত জানানো হয়েছে।সরকারের এই উদ্যোগের লক্ষ্য হলো শিখন ফল অর্জনকে গুরুত্ব দিয়ে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বাস্তবসম্মত করে গড়ে তোলা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন