জুন ১৩, ২০২৬, ১২:৪৮ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির মূল রাজনীতি হচ্ছে এ দেশের সাধারণ মানুষের কল্যাণ করা এবং প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়ানো। এই লক্ষ্যকে সামনে রেখেই দেশজুড়ে বিভিন্ন খালখনন কর্মসূচি নতুন করে শুরু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে কক্সবাজার সদরের পিএমখালীতে পাতলী খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত এক বিশাল পথসভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।প্রধানমন্ত্রী বলেন, আমরা ভোটের আগে দেশের প্রান্তিক চাষী ভাইদের বীজ ও প্রয়োজনীয় কীটনাশক ওষুধ কেনার জন্য এককালীন আড়াই হাজার টাকা করে আর্থিক সুবিধা দেওয়ার কথা বলেছিলাম।
সেই প্রতিশ্রুতি অনুযায়ী খুব দ্রুতই বিশেষ `কৃষক কার্ড` চালুর মাধ্যমে সরাসরি চাষীদের হাতে এই অর্থ পৌঁছে দেওয়া হবে। দেশের গ্রামে-গঞ্জে মিলিয়ে প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ মানুষই খেটে খাওয়া এবং তাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন না হলে দেশের সামগ্রিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়।
দেশের নারী শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী এবং তাদের স্বাবলম্বী করতে অতীতে দেশনেত্রী খালেদা জিয়া বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। নারীরা অর্থনৈতিকভাবে স্বাধীন না হলে পুরুষদের পাশে দাঁড়িয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারবে না। এই কারণে বর্তমান সরকার নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক বা ফ্রি করার ঘোষণা দিয়েছে এবং মেধার ভিত্তিতে তাদের উপবৃত্তিও দেওয়া হবে।
এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি বেসরকারি এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট সকাল ১০টায় কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। এই গুরুত্বপূর্ণ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও রয়েছেন। সরকার প্রধানের এই প্রথম আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক প্রশাসনিক তৎপরতা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন