মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ডেস্ক

জুন ২৮, ২০২৬, ০৬:২৬ পিএম

শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সংসদের ভিআইপি ক্যাফেটেরিয়ায় আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন এবং তাদের সঙ্গে বেশ কিছু সেলফি তোলেন।প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে এই মধ্যাহ্নভোজে তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পাশাপাশি গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র মাধ্যমে আসা ২১ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষক এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির ১৬ জন শিক্ষার্থী ও শিক্ষক এই মধ্যাহ্নভোজে যোগ দেন। 

সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে এই শিক্ষার্থীরা সকাল থেকেই সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যপ্রণালী সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন। তারা সংসদের সমৃদ্ধ লাইব্রেরি ঘুরে দেখেন, উত্তর প্লাযায় একটি বিশেষ ফটোসেশনে অংশ নেন এবং অধিবেশন কক্ষে বসে সরাসরি সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করেন।

শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী তারেক রহমান পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শারীরিক গঠনের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে বর্তমান প্রজন্মই দেশের প্রকৃত ভবিষ্যৎ, তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে। দেশের সরকারপ্রধানের সঙ্গে এমন ব্যতিক্রমী পরিবেশে দুপুরের খাবার খাওয়ার এবং সরাসরি কথা বলার সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।