রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

থার্ড টার্মিনাল চালুর দিনক্ষণ জানালেন বেবিচক চেয়ারম্যান

জাতীয় ডেস্ক

জুলাই ২০, ২০২৬, ০৬:৫৯ পিএম

থার্ড টার্মিনাল চালুর দিনক্ষণ জানালেন বেবিচক চেয়ারম্যান

ছবি - সংগৃহীত

সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর জন্য কাজ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের শুরুর দিকে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানকে দেওয়ার বিষয়ে চুক্তি সম্পন্ন হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। 

সোমবার দুপুরে সিভিল অ্যাভিয়েশন এবং এয়ার ট্রাফিক অপারেশন বিষয়ক এক কর্মশালায় তিনি এ তথ্য জানান।১৬ ডিসেম্বর থেকেই থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ।বিমানবন্দরের যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর জন্য গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানানো হয়েছে। এ এলাকার নিরাপত্তা নিশ্চিতে চলতি বছরই শাহজালাল বিমানবন্দরের জন্য অত্যাধুনিক অ্যান্টি ড্রোন সিস্টেম কেনা হবে। এই ব্যবস্থা চালু হলে নিরাপত্তার ঝুঁকি অনেকাংশে কমে আসবে বলে তিনি জানান।

এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি সম্পর্কে তিনি বলেন, বর্তমানে এটিসি স্থাপিত হওয়ায় দেশের সমুদ্রসীমায় বিদেশি উড়োজাহাজের ফ্লাইট চার্জের মাধ্যমে প্রতি বছর ৮ শতাংশ রাজস্ব আদায় বাড়বে। এটি দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। কর্মশালায় বিমান চলাচল সংক্রান্ত বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন বেবিচক চেয়ারম্যান। তিনি বলেন, দেশের আকাশসীমা ও বিমানবন্দরগুলোর নিরাপত্তা ও সেবার মান বাড়াতে তারা নিরলস কাজ করে যাচ্ছেন। আধুনিক যন্ত্রপাতি স্থাপন ও দক্ষ জনবল তৈরির মাধ্যমে বিমান খাতকে আরও গতিশীল করার পরিকল্পনা রয়েছে তাদের।