জুলাই ২৮, ২০২৬, ১১:১১ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান অন্তর থেকে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদদের আত্মত্যাগকে গভীরভাবে ধারণ করেন এবং কর্মের মাধ্যমেই তাদের প্রকৃত মর্যাদা ও মূল্যায়ন নিশ্চিত করছেন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই রাজনৈতিক মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।শহীদদের আত্মত্যাগের চেতনাকে সমুন্নত রেখেই রাষ্ট্র পরিচালিত হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
বক্তব্যের শুরুতেই মীর হেলাল বিগত সতেরো বছর ধরে চলা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দেশের গণতন্ত্রপ্রেমী মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, অতীতে যারা সরকার পরিচালনার সুযোগ পেয়েছিলেন তারা জুলাইয়ের মূল স্পিরিট ও চেতনা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন এবং একপ্রকার বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিয়ে শহীদদের প্রতি অবমাননা করেছেন।
বর্তমান সরকার কোনো ব্যক্তিগত অর্জনের জন্য কাজ করছে না উল্লেখ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর মতো বিভিন্ন জনমুখী ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো প্রমাণ করে সরকার সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে আন্তরিক।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেটেবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলম এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ বি এম রুহুল আমীন আকন্দ।
সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান যে, বিপ্লবের ফাঁপা বুলি আউড়ে মানুষের ভাগ্যের পরিবর্তন আনা সম্ভব নয়, এজন্য প্রয়োজন সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও দেশপ্রেম।সরকার শহীদ পরিবারের সদস্যদের পাশে থেকে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে বদ্ধপরিকর।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন