আগস্ট ৫, ২০২৬, ০১:৩৯ পিএম
রাজধানীতে বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচি পালনের অংশ হিসেবে আজ বুধবার ভোর পাঁচটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্দিষ্ট কিছু এলাকায় যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান এবং খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এলাকায় যানবাহন চলাচল সীমিত রাখা হয়েছে। নগরবাসীর যাতায়াত সহজ করতে এবং সম্ভাব্য যানজট এড়াতে বেশ কিছু বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি।
শাহবাগে শ্রদ্ধা নিবেদন ও সোহরাওয়ার্দী উদ্যানসহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে কনসার্ট আয়োজনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ডিএমপির নির্দেশনা অনুযায়ী, ফার্মগেট থেকে শাহবাগমুখী যানবাহনকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে বামে মোড় নিয়ে হেয়ার রোড ও মিন্টো রোড ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া গোলাপশাহ মাজার, হাইকোর্ট ও মৎস্য ভবন ক্রসিং থেকে শাহবাগমুখী যাত্রীবাহী যানবাহন কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে নিজ নিজ গন্তব্যে চলাচল করবে।
অন্যদিকে সায়েন্সল্যাব থেকে শাহবাগগামী যানবাহনকে মিরপুর রোড, নিউ মার্কেট, আজিমপুর, চাঁনখারপুল ও বকশীবাজার হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। বিকল্প হিসেবে বাটা ও কাটাবন ক্রসিং হয়ে হাতিরপুল, নীলক্ষেত ও পলাস ক্রসিং ব্যবহার করা যেতে পারে।
উত্তরা দিক থেকে আগত ফার্মগেট ও সোনারগাঁও অভিমুখী যানবাহন গণভবন ক্রসিং থেকে লেকরোড ও বিজয় সরণি ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।ধানমন্ডি ও আসাদগেট এলাকা থেকেও নির্দিষ্ট ডাইভারশন মেনে চলার অনুরোধ করা হয়েছে এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্ষেত্রে ফার্মগেট এক্সিট র্যাম্পের বদলে এফডিসি র্যাম্প ব্যবহারের জন্য বলা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন