বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,

বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৯, ২০২৬, ০৭:১৩ পিএম

বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

সৌরবিদ্যুৎ উৎপাদনে উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার দুপুরে যশোর পিটিআই অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান।আগামী গ্রীষ্মের আগেই দেশে অন্তত ৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে।

জ্বালানি তেলের বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে অভ্যন্তরীণ বাজারেও সমন্বয় করা প্রয়োজন হয়ে পড়ছে। এমনকি বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলোতেও দামের পরিবর্তন ঘটছে উল্লেখ করে তিনি সম্পদের অপচয় রোধ ও শিশুদের পরিমিত ব্যবহার শেখানোর ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে শিক্ষাঙ্গনে কোনো ধরনের প্রভাব বিস্তার বা অরাজকতা সৃষ্টি বরদাশত করা হবে না। কেউ এ ধরনের অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে প্রথমে সাংগঠনিক এবং পরবর্তীতে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এছাড়া স্থানীয় শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতিরা মতবিনিময়ে অংশ নেন।