রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

নির্বাচন কমিশনের পদত্যাগ দাবির আন্দোলন ইতিবাচক নয়: বিএনপি

জাতীয় ডেস্ক

নভেম্বর ২২, ২০২৬, ১০:৫১ এএম

নির্বাচন কমিশনের পদত্যাগ দাবির আন্দোলন ইতিবাচক নয়: বিএনপি

নির্বাচন কমিশনের পদত্যাগ দাবির আন্দোলনকে ইতিবাচক মনে করছে না বিএনপি। দলটির নেতাদের মতে, বর্তমান নির্বাচন কমিশন এ পর্যন্ত হওয়া সব নির্বাচনই সুষ্ঠুভাবে পরিচালনা করেছে এবং এখনই তাদের পদত্যাগ দাবির পেছনে ভিন্ন কোনো ষড়যন্ত্র রয়েছে।

আগামী ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদের প্রথম ধাপ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হচ্ছে। পাঁচ ধাপে এই নির্বাচন শেষ করার প্রস্তুতি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন, আর রাজনৈতিক দলগুলোও মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছে।

এরই মধ্যে নির্বাচন কমিশনের ওপর আস্থাহীনতার কথা তুলে ধরেছে জামায়াত ও এনসিপি। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পরাজয়ের পর অনিয়মের অভিযোগ এনে কমিশনের পদত্যাগ দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে তারা।

বিএনপির সহকারী অর্থ সম্পাদক মাহমুদুর রহমান সুমন বলেন, নির্বাচন কমিশন নতুন হওয়ায় এখনো কাজ করার সুযোগ পায়নি। আগে কমিশনকে কাজ করার সুযোগ দিতে হবে এবং এরপর কোনো অভিযোগ থাকলে তা সামনে আনা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। কাজ করার সুযোগ না দিয়ে বিভিন্ন দাবি তুলে আন্দোলন চালিয়ে যাওয়াকে নতুন কিছু নয় উল্লেখ করে তিনি বলেন, একটি আন্দোলন ব্যর্থ হলে আরেকটি নতুন দাবি সামনে আনা হয়।

অন্যদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক মনে করেন, নির্বাচন কমিশনের পদত্যাগ চাওয়ার আগে আরও দায়িত্বশীল হতে হবে। স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপ শেষ হওয়ার পর প্রশ্ন তোলার আহ্বান জানান তিনি।

জয়নুল আবেদীন ফারুক বলেন, আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেওয়া উচিত এবং অন্তত প্রথম ধাপের ভোট শেষ হওয়ার পর সমালোচনা করা উচিত। সংসদ নির্বাচনের ঠাকুরগাঁও আসন বা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনই কথা বলার সময় আসেনি বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, এই মুহূর্তে একটি সচেতন ও স্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করা অসংগত, যা সংশ্লিষ্টদের বোঝা এবং আরও সচেতন হওয়া প্রয়োজন।

সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বিরোধী দলকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। একই সঙ্গে বর্তমান নির্বাচন কমিশনের ওপর তাঁদের শতভাগ আস্থা রয়েছে বলেও জানানো হয়েছে।