রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দলের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে তারেক রহমানের স্থায়ী কমিটির জরুরি বৈঠক

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১০, ২০২৫, ০৭:৩০ পিএম

দলের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে তারেক রহমানের স্থায়ী কমিটির জরুরি বৈঠক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। রাত সাড়ে আটটায় দলটির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এই বৈঠকের খবর নিশ্চিত করেছেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, আজকের বৈঠকে আলোচনার জন্য কোনো নির্দিষ্ট এজেন্ডা থাকছে না। তবে এটি একটি খোলামেলা আলোচনা হবে এবং বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জানা গেছে, লন্ডন থেকে ভার্চুয়ালি এই বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।সুনির্দিষ্টভাবে কী বিষয়ে এই জরুরি বৈঠক ডাকা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তবে স্থায়ী কমিটির একজন সদস্য ইঙ্গিত দিয়েছেন, আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন, সম্প্রতি জুলাই সনদ ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সৃষ্ট মতভেদ নিরসনে অন্তর্বর্তী সরকার কর্তৃক বেঁধে দেওয়া সময়সীমা এবং দলের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতেই এই বৈঠক ডাকা হতে পারে।

বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন এবং বর্তমান জাতীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের মতামত তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির পরবর্তী কৌশল নির্ধারণে এই বৈঠকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।