নভেম্বর ১৩, ২০২৫, ০৩:৩৬ পিএম
দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সিদ্ধান্ত নিতে দলটির শীর্ষ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সভায় দেশের চলমান নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
বিশেষ করে আজ সকালেই প্রধান নির্বাচন কমিশনার নিবন্ধিত দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন এবং এই নির্বাচনকে সামনে রেখে বিএনপি কী কৌশল নেবে, তা নিয়ে সভায় সিদ্ধান্ত আসতে পারে।
এছাড়া আজ বহুল প্রত্যাশিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি হয়েছে এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণার তারিখও নির্ধারিত হয়েছে। এমন পরিস্থিতিতে দলের অবস্থান ও পরবর্তী করণীয় চূড়ান্ত করাই এই জরুরি বৈঠকের মূল লক্ষ্য।বৈঠকের আলোচ্যসূচিতে আরও রয়েছে দলীয় সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি এবং গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে পর্যালোচনা।
এর আগে আজ দুপুরে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাতের বিষয়টিও বৈঠকে আলোচিত হতে পারে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এই জরুরি সভায় উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমানে দেশে যে সাংবিধানিক ও রাজনৈতিক পরিবর্তন আসছে, সেই মুহূর্তে এই বৈঠক বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সন্ধ্যা ৭টার বৈঠকের পর দলের পক্ষ থেকে গণমাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন