রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গণহত্যাকারী-খুনিদের আর এ দেশে ফিরে আসা সম্ভব নয়: গোলাম পরওয়ার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৫, ০৩:৫৯ পিএম

গণহত্যাকারী-খুনিদের আর এ দেশে ফিরে আসা সম্ভব নয়: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দাবি করেছেন, সন্ত্রাসী, লুটেরা, গণহত্যাকারী ও খুনিদের আর এ দেশে ফিরে আসা সম্ভব নয়। তিনি বলেন, জাতি তাদের প্রতিহত করেছে এবং আজও তারা দেশের রাজপথে দাঁড়াতে পারেনি।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি 'কথিত লকডাউনের নামে' ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের অগ্নি সন্ত্রাস, ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির তীব্র প্রতিবাদ জানান।

অধ্যাপক গোলাম পরওয়ার তার বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেন। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশের সব মিডিয়া ব্যবহার করে বাংলাদেশের প্রধান উপদেষ্টাসহ সবাইকে হুমকি দিচ্ছেন।

 যা খুবই বিস্ময়কর যারা অন্যায় অপরাধ করেছে জাতি তাদের আর কখনো গ্রহণ করবে না এবং তাদের মামলার রায়ের তারিখ ঘোষণাকে তিনি অভিনন্দন জানান। এই অবস্থায় তিনি সকল মৌলিক ইস্যুতে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।সংবাদ সম্মেলনে জামায়াতসহ ৮টি দল ৫ দফা বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণা করেন। গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে আজ আমরা সারাদেশে মিছিল সমাবেশ করছি এবং মাঠে অবস্থান নিয়েছি।

তিনি অভিযোগ করেন, তারা সারাদেশে বাসে, গাড়িতে, প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে তার দল নাশকতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে।তিনি অবিলম্বে জুলাই সনদের আদেশ জারি এবং এর ওপর গণভোট দেওয়ার দাবি জানান।

এই সংকট নিরসনে পদক্ষেপ নিতে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জামায়াতসহ আটটি দলকে সাক্ষাতের সময় দেওয়ারও আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।