রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রধান উপদেষ্টার ভাষণে সালাহউদ্দিন আহমদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৫, ০৪:০৭ পিএম

প্রধান উপদেষ্টার ভাষণে সালাহউদ্দিন আহমদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ভাষণে ঘোষিত কিছু সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেছেন, প্রধান উপদেষ্টা তার ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ভাষণ শেষ হওয়ার পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই কঠোর মন্তব্য করেন।সালাহউদ্দিন আহমদের আপত্তির মূল কারণ হলো 'সংবিধান সংস্কার পরিষদ' গঠন সংক্রান্ত ঘোষণা।

তিনি বলেন, সংবিধানে নতুন করে 'সংবিধান সংস্কার পরিষদ' নামক একটি ধারণা নিয়ে আসা হয়েছে, যা জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনার মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়নি।

এই নতুন প্রস্তাবটি জুলাই সনদের মূল চেতনা ও প্রক্রিয়া লঙ্ঘন করেছে বলে তিনি মনে করেন। তার মতে, যেখানে জুলাই সনদ বাস্তবায়নে সকলের ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে নতুন করে প্রক্রিয়া পরিবর্তন করা গ্রহণযোগ্য নয়।এদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার ভাষণে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ কিছু বিধানের কথা জানান। তিনি বলেন, গণভোটে 'হ্যাঁ' সূচক ভোট পেলে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে।

এই প্রতিনিধিরা একইসাথে সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন। এই পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করবে এবং ৩০ কার্যদিবসের মধ্যে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ গঠন করা হবে।

সালাহউদ্দিন আহমদ এই ঘোষণার সমালোচনা করলেও প্রধান উপদেষ্টা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে আয়োজনের যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন, তার প্রতি বিএনপি'র পূর্ববর্তী সমর্থন ছিল। তবে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের অভিযোগ বর্তমানে জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করল।