নভেম্বর ২১, ২০২৫, ০৬:৫৬ পিএম
শুক্রবার সকালে বাংলাদেশে সংঘটিত ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার এক শোক বিবৃতিতে তিনি এ কথা বলেন। এতে স্বাক্ষর করেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।
বিএনপি মহাসচিব বলেন, প্রাকৃতিক দুর্যোগের এক ভয়াবহ রূপ হলো ভূমিকম্প। আজ সকালে বাংলাদেশে সংঘটিত বিধ্বংসী ভূমিকম্পে কমপক্ষে ছয়জনের প্রাণহানি ও দুই শতাধিক মানুষ আহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে দেশবাসীর মতো তিনিও গভীরভাবে শোকার্ত।
তিনি বলেন, এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে জীবনহানিসহ জানমালের মারাত্মক ক্ষতি হয়।মির্জা ফখরুল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি শোক ও সহমর্মিতা জানান। তিনি মহান আল্লাহর কাছে মোনাজাত করেন, যেন এ বিপদের সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে পারে।
পাশাপাশি এ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি তাদের সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দেবে বলেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন। শোক বিবৃতিতে বিএনপি মহাসচিব নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে তিনি আহত মানুষদের আশু সুস্থতা কামনা করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন