নভেম্বর ২৬, ২০২৫, ১০:২৭ পিএম
সম্প্রতি ৫.৭ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ সারাদেশে নতুন করে আতঙ্ক দেখা দেওয়ায় বিনামূল্যে ভবন, বাসা, দোকান ঘর পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রকৌশল বিভাগ। এই সেবার মাধ্যমে আতঙ্ক ও ঝুঁকি বিবেচনায় স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হবে।
বুধবার বিকেলে এ তথ্য জানান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে জামায়াতে ইসলামীর আমির বলেন,
ভূমিকম্পের পর আপনার ভবন, বাসা, দোকান বা অফিসের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। কিন্তু এই উদ্বেগ নিয়ে অবহেলা করা বিপজ্জনক।
ডা. শফিকুর রহমান ঝুঁকিপূর্ণ স্থাপনার লক্ষণগুলো তুলে ধরেছেন, যা দেখা গেলে তাৎক্ষণিক বিশেষজ্ঞ মূল্যায়ন অপরিহার্য:
ফাটল বা দৃশ্যমান ক্ষতি
ভবন হেলে যাওয়া বা বেঁকে যাওয়া
অস্বাভাবিক শব্দ বা কম্পন
ডা. শফিকুর রহমান জানান, জামায়াতের প্রকৌশল বিভাগ অভিজ্ঞ সিভিল ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে একটি বিশেষ ভূমিকম্প পরবর্তী ভবন সুরক্ষা স্ক্যান সেবা চালু করেছে। বর্তমানে এই সেবা ঢাকা সিটি কর্পোরেশন এবং পার্শ্ববর্তী এলাকায় প্রদান করা হচ্ছে।
জামায়াতের প্রকৌশল বিভাগের সেবাগুলো হলো:
ভবনের প্রাথমিক ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনবোধে সাইট ভিজিট।
দৃশ্যমান ক্ষতি এবং সম্ভাব্য বিপদের চিহ্ন নির্ণয়।
নিরাপত্তা নির্দেশনা ও জরুরি করণীয় সম্পর্কে পরামর্শ।
ভিডিও ডকুমেন্টেশন ও প্রাথমিক রিপোর্ট।
প্রয়োজনবোধে এক্সপার্ট প্যানেলের যাচাইকৃত ফাইনাল রিপোর্ট প্রদান।
তিনি যোগাযোগের জন্য পোস্টে উল্লিখিত নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করার বিনীত অনুরোধ জানান এবং সবাইকে নিরাপদ ও সতর্ক থাকার আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন