রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কোন দলে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ?

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২৫, ০৮:০৯ পিএম

কোন দলে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ?

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কোন দলে যোগ দান করবেন, তা নিয়ে চলছে নানা গুঞ্জন ও জল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সবখানেই এখন এই বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে।

সদ্য বিদায়ী এই উপদেষ্টা গণঅধিকার পরিষদের গুরুত্বপূর্ণ পদে যোগ দান করবেন বলে জোর গুঞ্জন রয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

আসিফ মাহমুদ তার বিদায়ী সংবাদ সম্মেলনেও জানিয়েছিলেন, তিনি নির্বাচন করবেন, তবে কোন দল থেকে তা এখনো নিশ্চিত নয়। এই গুঞ্জনের মধ্যেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তার পছন্দের আসনটি ফাঁকা রাখায় এনসিপিতেও তার যোগদান করার সম্ভাবনা তৈরি হয়েছে।

আসিফ মাহমুদের পছন্দের আসন হলো ঢাকা-১০। কিছুদিন আগেই তিনি এই আসনে (ধানমন্ডি এলাকা) ভোটার হয়েছেন। এটি থেকেই যে তিনি লড়বেন, তা মোটামুটি নিশ্চিত। তার মন্ত্রণালয় থেকে এই ঢাকা-১০ আসনে বিশেষ বরাদ্দ দেওয়ার অভিযোগ নিয়েও খবর প্রকাশিত হয়েছিল বিভিন্ন গণমাধ্যমে। এমনকি ফেসবুকেও তিনি এই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইঙ্গিত দেন। বর্তমানে ঢাকা-১০ আসনটি গণঅধিকার পরিষদ ও এনসিপি ফাঁকা রেখেছে। বিএনপি প্রথম দিকে ফাঁকা রাখলেও দ্বিতীয় ধাপে সেখানে শেখ রবিউল আলমকে প্রার্থী দিয়েছে।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হয়েও অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তবে এই দলগুলোতেও অংশগ্রহণ করার সুযোগ ও সম্ভাবনা দুটোই তার জন্য উন্মুক্ত রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।গণঅধিকার পরিষদে আসিফ মাহমুদের যোগদানের বিষয়ে জোর গুঞ্জন রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘এখনো বিষয়টি নিশ্চিত না, তবে একসময় সে আমাদের সাথে রাজনীতি করেছে। তার জন্য আমাদের দরজা সব সময় খোলা। চূড়ান্ত কোনো আলোচনা এখনো হয়নি, তবে সার্বিক বিষয় নিয়ে আমাদের সাথে যোগাযোগ আছে।

 তিনি উল্লেখ করেন, আসিফ মাহমুদ যেকোনো দলে যোগদান করতে পারেন, এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি স্মৃতিকথা তুলে ধরে বলেন, ক্যাম্পাসে প্রথম বর্ষে আসার সময় থেকেই তার সঙ্গে আসিফ মাহমুদের ঘনিষ্ঠতা ছিল এবং তিনি তাকে পরামর্শ দিতেন। তিনি জানান, আসিফ যদি মনে করে যে তার ভাইদের সাথে রাজনীতি করবেন, সেই সুযোগ আছে। তবে তিনি স্পষ্ট করেন যে, আলোচনা কেবল গণঅধিকার পরিষদে আসার বিষয়ে নয়, বিভিন্ন রাজনৈতিক বিষয়, নির্বাচন পরবর্তীতে করণীয় এবং অন্যান্য দল নিয়েও হয়েছে। তিনি বলেন, 'সে বিএনপিতেও যেতে পারে। সে গণঅধিকার পরিষদেও আসতে পারে। আবার এনসিপিতেও যেতে পারে।

চাইলে সে নিজেও নতুন দল গঠন করতে পারে।' এদিকে আজ ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করলেও এনসিপি ঢাকা-১০ আসনে কাউকে প্রার্থী না দিয়ে ফাঁকা রেখেছে, যা এনসিপিতে তার যোগদানের সম্ভাবনাকে আরও জোরদার করেছে। তবে আসিফ মাহমুদ তার বিদায়ী সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি নির্বাচন করবেন, কিন্তু কোন দল থেকে করবেন, তা বলার মতো এখনও তেমন কিছু নেই।