ফাহিম হোসেন রিজু
ডিসেম্বর ১৬, ২০২৫, ০৪:৫৫ পিএম
ছবি-দিনাজপুর টিভি
মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ স্মরণ এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দিনাজপুরের ঘোড়াঘাট প্রেসক্লাবের আয়োজনে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ঘোড়াঘাট প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঘোড়াঘাট প্রেসক্লাবের সভাপতি এম. এ. গাফ্ফার প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জিয়া শিশু-কিশোর পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট নুরন্নবী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া সহ উপজেলা যুবদল, জিয়া শিশু-কিশোর পরিষদ ও কৃষকদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
একই সঙ্গে তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে এবং অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।