শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

হাদির শাহাদাতে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২৫, ০৯:১২ পিএম

হাদির শাহাদাতে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই বিপ্লবের অকুতোভয় সেনানী শরিফ ওসমান হাদির শাহাদাত বরণে গভীর শোক প্রকাশ করে দুই দিনের বিশেষ দোয়া কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে দায়িত্বশীলদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিমসহ কেন্দ্রীয় ও মহানগরীর শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ গ্রহণ ও জানাজা অনুষ্ঠানসহ সার্বিক করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শহীদ হাদির রুহের মাগফিরাত কামনা এবং তাঁর মহান আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে জামায়াতে ইসলামী নিম্নোক্ত কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে:১. ২০ ডিসেম্বর (শনিবার): দেশের প্রতিটি জেলা ও মহানগরী শাখায় শরিফ ওসমান হাদির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠান। ২. ২১ ডিসেম্বর (রোববার): সকাল ১০টায় রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে বিশেষ দোয়া ও আলোচনা সভা।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন জুলাই বিপ্লবের এক অকুতোভয় প্রাণশক্তি। তাঁর শাহাদাত দেশের ইনসাফকামী মানুষের লড়াইকে আরও বেগবান করবে। জামায়াতের পক্ষ থেকে হাদি হত্যার সঙ্গে জড়িত খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান হাদি। আজ সন্ধ্যায় তাঁর মরদেহ দেশে পৌঁছেছে এবং আগামীকাল তাঁর রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হবে।