ডিসেম্বর ২৫, ২০২৫, ০৪:২২ পিএম
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ প্রিয় মাতৃভূমিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট (৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে) এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে তিনি দেশবাসীর উদ্দেশে তার প্রথম ঐতিহাসিক ভাষণ দেন।
ইসলামি আদর্শ ও ন্যায়পরায়ণতার অঙ্গীকার: হাজার হাজার নেতাকর্মীর হর্ষধ্বনি ও করতালির মধ্য দিয়ে ভাষণের শুরুতে তারেক রহমান এক নতুন ও ইনসাফভিত্তিক বাংলাদেশের রূপরেখা তুলে ধরেন।
প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি। আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা নবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আদলে এদেশ গড়ব। যেখানে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না কোনো অন্যায্য নিপীড়ন।
ঐক্যবদ্ধ দেশ গড়ার ডাক: তারেক রহমান তার বক্তব্যে দেশের সকল ধর্ম ও বর্ণের মানুষের সহাবস্থানের ওপর জোর দেন। তিনি বলেন, “সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান সকলে মিলে একটি শান্তিপূর্ণ দেশ গড়ে তুলব আমরা। এমন একটি বাংলাদেশ আমরা গড়ব, যা একজন মা স্বপ্ন দেখেন—একটি নিরাপদ বাংলাদেশ।৩ ঘণ্টার জনস্রোত ঠেলে মঞ্চে: এর আগে দুপুর ১২টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ বাসে চড়ে ৩০০ ফিটের উদ্দেশে রওনা হন তারেক রহমান।
রাস্তার দুপাশে কয়েক কিলোমিটার জুড়ে দাঁড়িয়ে থাকা লাখ লাখ নেতাকর্মীর অভিবাদন গ্রহণ করতে করতে তার গাড়িবহর অত্যন্ত ধীরগতিতে এগোয়। বিমানবন্দর থেকে সভাস্থলে পৌঁছাতে তার সময় লাগে দীর্ঘ ৩ ঘণ্টা ১৫ মিনিট।৬৩১৪ দিনের প্রতীক্ষা: লন্ডন থেকে আসার পথে দেশের আকাশসীমায় প্রবেশের পরপরই তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছিলেন, “দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!” উল্লেখ্য, বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টায় তিনি সপরিবারে (স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হয়েছিলেন।
পরবর্তী গন্তব্য এভারকেয়ার: সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে তিনি দীর্ঘ ১৭ বছর পর তার অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবেন। ছেলের আগমনে হাসপাতাল এলাকায় এখন উৎসবের সাথে সাথে এক আবেগঘন পরিবেশ বিরাজ করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন