রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

জামায়াত জোটে থাকছে না চরমোনাই পীর-মামুনুলের দল!

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২৫, ০৯:২২ পিএম

জামায়াত জোটে থাকছে না চরমোনাই পীর-মামুনুলের দল!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘এক আসনে এক প্রার্থী’ নিশ্চিত করতে লিয়াজোঁ কমিটি গঠন করে আসন সমঝোতার চেষ্টা চালাচ্ছে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি ইসলামী দল। তবে শেষ মুহূর্তে এসে আসন ভাগাভাগি নিয়ে দলগুলোর মধ্যে গভীর সংকট তৈরি হয়েছে।

বিশেষ করে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এবং মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের উচ্চাভিলাষী আসন চাহিদার কারণে এই সমঝোতা প্রক্রিয়া ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে।

লিয়াজোঁ কমিটির সূত্রমতে, আট দলের মধ্যে আসন সমঝোতার ক্ষেত্রে জামায়াত যেখানে কমপক্ষে ২০০ আসনে নির্বাচন করতে চায়, সেখানে শরিক দলগুলোর চাহিদা মেলাতে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্টরা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা অন্তত ১০০ থেকে ১২০টি আসন দাবি করছে।বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা মামুনুল হকের দল কমপক্ষে ২৫-৩০টি আসন চায়।এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নতুন করে আলোচনায় আসা এই দলটি অন্তত ৫০টি আসনের প্রত্যাশা করছে।চাহিদা অনুযায়ী আসন না পেলে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস এই নির্বাচনি সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। গুঞ্জন রয়েছে, একটি বিশেষ মহলের আশ্বাসে তারা পৃথক প্ল্যাটফর্ম বা জোট করে নির্বাচনে অংশ নিতে পারে।

মাওলানা মামুনুল হকের দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের সম্মান ও মর্যাদা বজায় রেখে আসন না পেলে বিকল্প চিন্তা করা হবে।জটিলতার মধ্যেও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, “আট দলই ছাড় দিবে এবং ঐক্যবদ্ধভাবে নির্বাচনে যাবে। খুব শিগগিরই বিষয়টি চূড়ান্ত হবে।” অন্যদিকে, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের মনে করেন, মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত আলোচনার সুযোগ রয়েছে এবং বড় কোনো ভাঙনের আশঙ্কা নেই।

বিশ্লেষকরা মনে করছেন, ইসলামী দলগুলোর ভোট একবক্সে নিয়ে আসার যে টার্গেট নিয়ে জামায়াত এগোচ্ছিল, তা এখন চ্যালেঞ্জের মুখে। এনসিপি বা জুলাই যোদ্ধাদের নতুন রাজনৈতিক দলগুলোর জোটে অন্তর্ভুক্তি এই জটিলতাকে আরও ঘনীভূত করছে। আগামী শনিবারের মধ্যে শীর্ষ নেতাদের বৈঠকে এই সংকটের সমাধান না হলে ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ নির্বাচনি কৌশল বড় ধরনের ধাক্কা খেতে পারে।