রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

ঝিনাইদহ-৪ আসনের ভোটার হলেন রাশেদ খান

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২৫, ০৩:০৭ পিএম

ঝিনাইদহ-৪ আসনের ভোটার হলেন রাশেদ খান

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) সংসদীয় আসনে ভোটার এলাকা পরিবর্তন করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতা মো. রাশেদ খান। শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর আবেদন করার পর কমিশন তা অনুমোদন করেছে।

এর মাধ্যমে রাশেদ খান এখন থেকে এই আসনের স্থায়ী বাসিন্দা ও ভোটার হিসেবে গণ্য হবেন।এর আগে রাশেদ খান ঝিনাইদহ সদর পৌরসভার মুরারিদহ গ্রামের স্থায়ী বাসিন্দা এবং ওই এলাকার ভোটার ছিলেন।

তবে আইন অনুযায়ী, কোনো নির্দিষ্ট আসনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ওই এলাকার ভোটার হওয়া বা ভোটার হওয়ার যোগ্যতা রাখা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।

বিশেষ করে নিজের আসনে নিজে ভোট দেওয়ার সুযোগ তৈরির লক্ষ্যে তিনি কালীগঞ্জ ও সদরের আংশিক নিয়ে গঠিত ঝিনাইদহ-৪ আসনে ভোটার স্থানান্তর করেছেন।উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে ঝিনাইদহ-৪ আসনটি রাশেদ খানের জন্য ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। ছাত্র ও যুব অধিকার পরিষদের এই শীর্ষ নেতাকে বিএনপি তাদের দলীয় প্রতীক 'ধানের শীষ' নিয়ে লড়াই করার সুযোগ দিয়েছে।

আজ বিষয়টি নিশ্চিত করে রাশেদ খান গণমাধ্যমকে বলেন, "নির্বাচন কমিশন আমার আবেদন মঞ্জুর করায় এখন থেকে আমি আমার নিজের নির্বাচনী এলাকাতেই ভোট প্রদান করতে পারব। এলাকার মানুষের সেবা করার জন্য এটি আমার রাজনৈতিক প্রস্তুতির একটি বড় অংশ।আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। ভোটার এলাকা পরিবর্তনের ফলে তাঁর প্রার্থিতা নিয়ে সব ধরনের আইনি জটিলতা দূর হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।