রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

জামায়াতের সঙ্গে এনসিপির জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন সামান্তা শারমিন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২৫, ০৯:৪৯ পিএম

জামায়াতের সঙ্গে এনসিপির জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন সামান্তা শারমিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে অংশগ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

তিনি জানান, “ফাইনালি জামায়াতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে। আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা দেওয়া হবে।এই সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটল এবং নির্বাচনী মাঠে নতুন একটি শক্তিশালী সমীকরণ তৈরি হলো।

এনসিপির এই জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্তের মধ্যেই দলটির অন্যতম শীর্ষ নেত্রী ডা. তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

শনিবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি জানান, বাস্তবিক প্রেক্ষাপট বিবেচনায় তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী না হয়ে ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) আসন থেকে স্বতন্ত্র লড়বেন।নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা রক্ষায় পরিস্থিতি যাই হোক না কেন তিনি নির্বাচনের মাঠে থাকবেন।স্বতন্ত্র প্রার্থী হওয়ার আইনি শর্ত হিসেবে ঢাকা-৯ আসনের ৪,৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর সংগ্রহের কাজ আগামীকাল রোববার থেকে শুরু করবেন তিনি। এ কাজে তিনি এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতা চেয়েছেন।

 যারা আগে দলীয় প্রার্থী ভেবে তাঁকে অনুদান দিয়েছিলেন, তাঁদের মধ্যে কেউ চাইলে অর্থ ফেরত নিতে পারবেন। এজন্য একটি অনলাইন ফর্মও উন্মুক্ত করেছেন তিনি।এনসিপির বড় একটি অংশ জামায়াত জোটের পক্ষে থাকলেও তাসনিম জারার মতো জনপ্রিয় নেত্রীর স্বতন্ত্র অবস্থান দলটির অভ্যন্তরীণ মেরুকরণকে আরও স্পষ্ট করে তুলল।