ডিসেম্বর ৩০, ২০২৫, ০৯:০৪ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুনিয়ার যত পরিবর্তন এসেছে, তা তরুণ-যুব সমাজের হাত ধরেই এসেছে। চব্বিশের ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের মূল শক্তিও ছিল এই যুবকরা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলানগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘হ্যালো আওয়ার লিডার’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তরুণদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, আমরা তোমাদের জন্য একটি নিরাপদ, পছন্দের এবং গৌরবের বাংলাদেশ গড়তে চাই। আমরা তোমাদের হাতে হাত রেখে ফ্যাসিবাদ মুক্ত ইনসাফের মানবিক বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ।
তিনি জানান, তরুণদের পরিকল্পনা গ্রহণ করতে ইতিমধ্যে 'জনতার ইশতেহার' উন্মুক্ত করা হয়েছে এবং জামায়াত এমন কোনো মিথ্যা আশ্বাস দেবে না যা পূরণের সামর্থ্য তাদের নেই।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, খালেদা জিয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই করেছেন। এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন, যারা বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দেখতে চায় না, তারাই হাদিকে বিদায় করেছে। কিন্তু হাদি আজ বিশ্ব নেতায় পরিণত হয়েছে।
নির্ধারিত নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে আসা জেন-জি বা নতুন প্রজন্মের তরুণদের নানা প্রশ্নের উত্তর দেন জামায়াত আমির। অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন