জানুয়ারি ৭, ২০২৬, ০৭:৩৬ পিএম
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের ১২ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গত দেড় দশকেরও বেশি সময় ধরে দিল্লি শেখ হাসিনাকে বাংলাদেশে তাদের ‘এজেন্ট’ হিসেবে নিয়োগ করেছিল।
তিনি অভিযোগ করেন, ভারতকে খুশি করতে গিয়ে বাংলাদেশকে একটি কলোনিয়াল স্টেটের মতো পরিচালনা করা হয়েছে। বুধবার বিকেলে কুমিল্লার দেবীদ্বারের ফতেহাবাদে আয়োজিত এক আগ্রাসনবিরোধী পদযাত্রা ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ তাঁর বক্তব্যে প্রশাসন ও পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করে বলেন, ব্যালটে সিল দিয়ে সরকার প্রতিষ্ঠা করা প্রশাসনের কাজ নয়।
গত তিনটি নির্বাচনে পুলিশ ও প্রশাসন নগ্নভাবে হাসিনাকে ক্ষমতায় রাখতে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। তিনি কর্মকর্তাদের হুশিয়ার করে বলেন, যদি তারা নিরপেক্ষ দায়িত্ব পালন না করে তবে তাদেরও সাবেক পুলিশ কর্মকর্তা বেনজীর ও হারুনের মতো পরিণতি বরণ করতে হবে। প্রশাসনকে জনগণের নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত—এক পক্ষ আজাদি ও স্বনির্ভরতা চায়, অন্য পক্ষ ভারতের গোলামি ও তাঁবেদারি করতে চায়। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, যারা গত ১৫ বছর গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, আজ তাদের রক্তের ওপর দাঁড়িয়ে কিছু রাজনৈতিক দল আবারও ভারতীয় তাঁবেদারির পাঁয়তারা করছে।
দেবীদ্বার পৌর জামায়াতের সেক্রেটারি ক্বারি মো. অলিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট করে বলেন, বাংলাদেশের মসনদে কে বসবে তা এ দেশের জনগণই নির্ধারণ করবে, কোনো বাইরের শক্তি নয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন