জানুয়ারি ৯, ২০২৬, ০৫:২৫ পিএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর দলটির অন্দরমহলে এবং সাধারণ মানুষের মাঝে এখন একটাই প্রশ্ন—সহসাই কি সক্রিয় রাজনীতিতে আসছেন তারেক-কন্যা জায়মা রহমান? দাদির মৃত্যুর পর বাবার পাশে ছায়াসঙ্গী হিসেবে তার উপস্থিতি এবং গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে অংশগ্রহণ এই আলোচনাকে আরও উসকে দিয়েছে।
১৩ বছর বয়স থেকে যুক্তরাজ্যে বেড়ে উঠলেও জায়মা রহমান ভুলে যাননি বাংলার মাটির গন্ধ কিংবা নিজস্ব সংস্কৃতি। দেশে ফেরার পরপরই মা হারানো বাবা তারেক রহমানের পাশে শক্ত খুঁটি হয়ে দাঁড়িয়েছেন তিনি।
সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে তারেক রহমানের বৈঠকে জায়মা রহমানের উপস্থিতি সবার নজর কেড়েছে।
তারেক রহমানও বেশ আগ্রহ নিয়ে মেয়েকে বিশ্বনেতাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, যা রাজনীতিতে তার ভবিষ্যৎ অভিষেকের স্পষ্ট ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।দাদি খালেদা জিয়ার মতো ব্যক্তিত্ব, ধীরস্থির চলন এবং নীরবে কাজ করার মানসিকতার কারণে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে তাকে নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। যদিও দলীয় কোনো মঞ্চে এখনো তার দৃশ্যমান রাজনৈতিক বক্তৃতা দেখা যায়নি, তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ইশতেহার তৈরি ও নির্বাচনী প্রচারকৌশলে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে জানা গেছে।
জায়মা রহমানের রাজনীতিতে আসার প্রেক্ষাপট অবশ্য গত বছর থেকেই তৈরি হচ্ছিল। বাবার প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগ দেওয়া এবং প্রবাসী ভোটারদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়—সব মিলিয়ে তিনি নিজের যোগ্যতা ও উপস্থিতির জানান দিয়েছেন আগেই।বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে বলেন, “রাজনৈতিক পরিবারে জন্ম ও বেড়ে ওঠায় জায়মার পক্ষে রাজনীতির বাইরে থাকার সুযোগ নেই।” দলের নীতিনির্ধারকরা মনে করছেন, বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা উঠে আসছে জায়মার হাত ধরেই।
কবে তিনি আনুষ্ঠানিকভাবে দলের কোনো পদে বা সক্রিয় রাজনীতিতে আসবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে সময়টা যখনই হোক, জিয়া পরিবারের উত্তরাধিকারের পাশাপাশি নিজের যোগ্যতা প্রমাণের বড় চ্যালেঞ্জ থাকবে ব্যারিস্টার জায়মা রহমানের সামনে। আপাতত বাবার পাশে থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও দলের নীতিনির্ধারণী বিষয়ে তিনি অভিজ্ঞতা সঞ্চয় করছেন বলেই ধারণা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন