রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

৫ আগস্টের পর শুধু হাত বদল হয়েছে, জুলুম থামেনি: দেলাওয়ার হোসেন

রবিউল এহ্সান রিপন

জানুয়ারি ২৭, ২০২৬, ০৬:০৯ পিএম

৫ আগস্টের পর শুধু হাত বদল হয়েছে, জুলুম থামেনি: দেলাওয়ার হোসেন

ছবি-দিনাজপুর টিভি

৫ আগস্টের আগে দেশে যেভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও জুলুম চলছিল, বর্তমানেও সেই কর্মকাণ্ড অব্যাহত আছে—শুধু ক্ষমতার হাত বদল হয়েছে কিন্তু কাজের পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াত নেতা মো. দেলাওয়ার হোসেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

দেলাওয়ার হোসেন অভিযোগ করেন, “৫ আগস্টের পর যারা লুটপাট, অগ্নিকাণ্ড ও মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করছে, তাদের বর্জন করার সময় এসেছে। আপনারা কি আবারও তাদের ভোট দেবেন, নাকি প্রত্যাখ্যান করবেন, সেই সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে।

তিনি আরও বলেন, সমাজ থেকে দুর্নীতি ও নির্যাতন নির্মূল করতে হলে দাঁঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে পরিবর্তন আনতে হবে।নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ তুলে তিনি বলেন, জামায়াতের নারী কর্মীরা ভোট চাইতে গেলে বিভিন্ন স্থানে বাধার মুখে পড়ছেন। বিশেষ করে বিএনপির কিছু কর্মীর বিরুদ্ধে নির্দিষ্ট এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার অভিযোগ করেন তিনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচিত হওয়ার আগেই যদি এমন হুমকি আসে, তবে তা মেনে নেওয়া হবে না। জামায়াতে ইসলামীর ছাত্রশিবির যখন জেগে উঠবে, তখন পালানোর দিশা খুঁজে পাবেন না।

সংবিধান অনুযায়ী প্রতিটি দলের প্রচারণার অধিকার রয়েছে উল্লেখ করে তিনি প্রশাসনকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, জামায়াত বা ছাত্রশিবির কখনো প্রতিপক্ষকে বাধা দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।বয়োজ্যেষ্ঠ নেতাদের সমালোচনা করে দেলাওয়ার হোসেন বলেন, “যাদের বয়স ৭০ বছর পেরিয়েছে, তাদের উচিত অবসর নিয়ে তরুণদের সুযোগ করে দেওয়া।” তিনি নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ের সার্বিক উন্নয়ন এবং অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জনসভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর হোসেন, ইসলামী ছাত্রশিবিরের শহর শাখা সভাপতি মাহমুদুল হাসানসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।