ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৩:৩৮ পিএম
শেরপুরের শ্রীবরদীতে রাজনৈতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তিনি হেলিকপ্টারযোগে শ্রীবরদী উপজেলার গোপালখিলা উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছান। সেখানে তাকে অভ্যর্থনা জানান শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সফরকালে তিনি নিহত রেজাউল করিমের কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় অতিবাহিত করেন।পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। ডা. শফিকুর রহমান যখন নিহত রেজাউল করিমের মাত্র তিন বছর বয়সী কন্যাসন্তানকে কোলে তুলে নেন, তখন তিনি নিজেকে ধরে রাখতে পারেননি এবং আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরাও অশ্রুসিক্ত হয়ে পড়েন। তিনি শোকাতুর পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং এই কঠিন সময়ে তাদের ধৈর্য ধারণের পরামর্শ দিয়ে বলেন, সংগঠন সবসময় তাদের পাশে থাকবে।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি বুধবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় প্রশাসনের আয়োজিত এক অনুষ্ঠানে আসন বিন্যাস ও চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে গুরুতর আহত হয়ে পরবর্তীকালে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম প্রাণ হারান। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে।
পারিবারিক সাক্ষাৎ শেষে জেলা আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, যারা ইনসাফের কথা বলে তারাই আজ বিশৃঙ্খলা করছে। তিনি নেতাকর্মীদের শান্ত থাকার এবং আইনি প্রক্রিয়ায় বিচার চাওয়ার নির্দেশনা দেন। এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সভায় কেন্দ্রীয় নেতা ড. ছামিউল হক ফারুকী ও মঞ্জুরুল ইসলাম ভূঁইয়াসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন