ফেব্রুয়ারি ২, ২০২৬, ১০:১৫ এএম
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ সোমবার কক্সবাজার ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দিনব্যাপী সফরে তিনি মোট পাঁচটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। আজ সকাল সাড়ে ১১টায় কক্সবাজারের মহেশখালীতে দিনের প্রথম জনসভায় যোগ দেবেন তিনি।
এরপর দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার সদরে দ্বিতীয় জনসভায় বক্তব্য রাখবেন। জামায়াত আমিরের পরবর্তী গন্তব্য চট্টগ্রাম জেলা। দুপুর ২টায় চট্টগ্রাম দক্ষিণ জেলার পদুয়ায় এবং বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে দুটি পৃথক সমাবেশে অংশ নেবেন তিনি।
সবশেষে সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম মহানগরীতে ১১ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন ডা. শফিকুর রহমান।
বর্তমান নির্বাচনী পরিস্থিতিতে জোটের শক্তি প্রদর্শন এবং ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিতে এই সফরকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে দলটি। দলীয় সূত্র আরও জানিয়েছে যে দেশব্যাপী নির্বাচনী সফরের অংশ হিসেবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকার বাইরে বিভিন্ন জেলায় জামায়াত আমিরের এই প্রচার অভিযান অব্যাহত থাকবে।
তার এই সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম ও কক্সবাজারের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জনসভাগুলোকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ও স্বেচ্ছাসেবক বাহিনী মোতায়েন করেছে আয়োজক কমিটি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন