রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

তারেক রহমানের নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৪:৪৫ পিএম

তারেক রহমানের নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। শনিবার দুপুরে রাজধানীর ঢাকা-১৭ আসনে বাবার পক্ষে সরাসরি নির্বাচনী গণসংযোগে অংশ নেন তিনি। দুপুর ১২টার দিকে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে তার এই প্রচারণা কার্যক্রম শুরু হয়। 

জাইমা রহমানের এই উপস্থিতি সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করেছে। দীর্ঘ সময় পর সরাসরি জনগণের মাঝে এসে ভোট চাওয়ার বিষয়টি রাজনৈতিক বিশ্লেষকরা ইতিবাচক হিসেবেই দেখছেন।

নির্বাচনী প্রচারণার সময় ব্যারিস্টার জাইমা রহমান গুলশানের বিভিন্ন প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় পায়ে হেঁটে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান। তিনি পথচারী, রিকশাচালক, দোকানি থেকে শুরু করে শপিং মলে আসা ভোটারদের হাতে ধানের শীষ প্রতীকের লিফলেট তুলে দেন। 

এ সময় তিনি সাধারণ মানুষের কুশল বিনিময় করেন এবং দেশের সমৃদ্ধির জন্য তার বাবার পক্ষে সমর্থন কামনা করেন। জাইমা রহমান ভোটারদের উদ্দেশে বলেন যে তিনি তারেক রহমানের কন্যা হিসেবে বাবার হয়ে ভোট চাইতে এসেছেন। তিনি আশা প্রকাশ করেন যে ঢাকা-১৭ আসনের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তার বাবাকে জয়যুক্ত করবেন।গণসংযোগ চলাকালে জাইমা রহমান কেবল সড়কেই সীমাবদ্ধ থাকেননি বরং তিনি বিভিন্ন বেসরকারি অফিস ও ব্যাংকেও প্রবেশ করেন। সেখানে উপস্থিত কর্মজীবী ও সাধারণ মানুষের সাথে দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলাপ করেন।

প্রচারণাকালে তার সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের পরিচর্যাকারী ফাতেমা খাতুনসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কড়া নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও জাইমা রহমানকে সাধারণ মানুষের সাথে অত্যন্ত সহজভাবে মিশতে দেখা যায়। তার এই ঘরোয়া স্টাইলের প্রচারণা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।