ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১২:০৩ পিএম
ঢাকা ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক কয়েকটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।
জামায়াত আমির উল্লেখ করেন যে, ঢাকায় ৬ বছর বয়সী এক শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং হাজারীবাগে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা গোটা জাতিকে স্তম্ভিত করে দিয়েছে। এসব পৈশাচিক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান সরাসরি অভিযোগ করেন যে, এই সব অপরাধের পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং কিছু ক্ষেত্রে প্রশাসনের চরম অবহেলা ও শৈথিল্য লক্ষ্য করা যাচ্ছে।
তিনি বলেন, যেখানে অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করার কথা, সেখানে অনেক ক্ষেত্রে উল্টো ভুক্তভোগী পরিবারকেই এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে। এই ধরনের কর্মকাণ্ডকে তিনি মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেন। বিশেষ করে শিশু তাহিয়া হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন যে, কার ইশারায় এই নৃশংস ঘটনাকে দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছিল এবং কারা এখন মামলা তুলে নিতে পরিবারকে ভয় দেখাচ্ছে, তা জনগণের সামনে স্পষ্ট হওয়া প্রয়োজন।
জামায়াত আমির তার বক্তব্যে আরও বলেন, দলীয় পদবি বা ক্ষমতার অপব্যবহার করে অপরাধীদের রক্ষা করা কোনো সভ্য ও গণতান্ত্রিক দেশের সংস্কৃতি হতে পারে না। ইনসাফ বা ন্যায়বিচারের প্রশ্নে কোনো ধরনের আপস চলবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। ডা. শফিকুর রহমান অবিলম্বে এই সব ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে স্বচ্ছ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানান তিনি। পোস্টের শেষ অংশে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন