বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,

যেখানেই যাচ্ছি লোকে বলছে আপনারা হারেননি: জামায়াত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৯:২৫ পিএম

যেখানেই যাচ্ছি লোকে বলছে আপনারা হারেননি: জামায়াত আমির

সিলেটে জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দাবি করেছেন যে, সর্বশেষ নির্বাচনে তার দল পরাজিত হয়নি বরং তাদের পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে সিলেট জেলা জামায়াত আয়োজিত শূরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। 

তিনি বলেন, দেশের যেখানেই তিনি যাচ্ছেন সেখানেই সাধারণ মানুষ তাকে বলছেন যে আপনারা হারেননি বরং আপনাদের হারিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি এবং তাদের রাজনৈতিক হক কেড়ে নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, দশ থেকে বারো হাজার ভোটের ব্যবধানে যেখানে দলীয় প্রার্থীদের হারানো হয়েছে সেটি ছিল সম্পূর্ণ ইচ্ছাকৃত। কিছু নির্দিষ্ট ও স্পর্শকাতর আসনে বিজয় ঘোষণার পরও ফলাফল স্থগিত বা বদলে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। 

তবে এই পরিস্থিতিতে তারা দমে যাবেন না বলে দলীয় নেতাকর্মীদের আশ্বস্ত করেন। তিনি আরও উল্লেখ করেন যে, জাতীয় নির্বাচনের পর এবার তাদের দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে। এই নির্বাচনে প্রতিটি এলাকায় যোগ্য ও ত্যাগী নেতৃত্ব নিশ্চিত করার জন্য তিনি এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতির নির্দেশনা দেন।দলীয় প্রধানের মতে, জামায়াতে ইসলামীর ইতিহাসে সংসদীয় রাজনীতিতে এবারই সবচেয়ে বড় সাফল্য এসেছে। 

প্রথমবারের মতো জামায়াতের নেতৃত্বে একটি অর্থবহ রাজনৈতিক ঐক্য গঠিত হয়েছে এবং তারা প্রধান বিরোধী দলের দায়িত্ব লাভ করেছেন। তিনি বলেন, ছয়টি শক্তির বিরুদ্ধে তারা সমান্তরালে লড়াই করেছেন। এই শক্তিগুলোর অপকৌশল সম্পর্কে এখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি এবং সুশাসনের জন্য নাগরিক বা সুজনও কথা বলতে শুরু করেছে। এই সম্মিলিত শক্তির বিরুদ্ধে জয়ী হতে হলে সঠিক রাজনৈতিক কৌশল নির্ধারণ করে এগিয়ে যাওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আগামী দিনে সৎ ও যোগ্য লোকদের স্থানীয় সরকারের নেতৃত্বে নিয়ে আসার আহ্বান জানান।