ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১১:০০ পিএম
নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা আহাম্মদ আলী দেওয়ানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার জেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃত আহাম্মদ আলী দেওয়ান উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং মহিষাশুড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতির দায়িত্বে ছিলেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নিয়েছে জেলা বিএনপি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে যে গত ১০ ফেব্রুয়ারি ওই কিশোরীকে প্রথমবার সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে বিচার দাবি করা হলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
গত বুধবার রাতে নূর মোহাম্মদ ওরফে নুরার নেতৃত্বে ৫ থেকে ৬ জন ব্যক্তি কিশোরীকে তার বাবার কাছ কাছ থেকে অস্ত্রের মুখে ছিনিয়ে নিয়ে যায়। পুনরায় ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং মরদেহ পার্শ্ববর্তী একটি সরিষা ক্ষেতে ফেলে রাখা হয়। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই নৃশংস হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এই চাঞ্চল্যকর ঘটনায় নিহতের মা ফাহিমা বেগম বাদী হয়ে নুরাকে প্রধান আসামি করে মোট নয়জনের বিরুদ্ধে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যেই প্রধান আসামির সহযোগী এবং বহিষ্কৃত বিএনপি নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আদালত আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।
তবে মামলার প্রধান আসামি নুরা এখনো পলাতক থাকায় তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন যে কোনো অপরাধীর দলীয় পরিচয় থাকতে পারে না এবং তারা এই হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার দাবি করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন