বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,

জাতীয় নাগরিক পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১০:৫৭ এএম

জাতীয় নাগরিক পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী

‍‍`দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদের‍‍`— এই বজ্রশপথ নিয়ে আজ শনিবার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত এক বছরে দেশের রাজনৈতিক অঙ্গনে নিজেদের শক্ত অবস্থান জানান দেওয়া এই তরুণ সংগঠনটি দিনটি ঘিরে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। উৎসবের মূল কেন্দ্রবিন্দু হিসেবে আজ বিকেলে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে এক বিশাল ইফতার মাহফিল ও রাজনৈতিক মিলনমেলার আয়োজন করা হয়েছে। 

গত বছরের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করার পর এই এক বছরে দলটি রাষ্ট্র সংস্কার ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আন্দোলনের সামনের সারিতে থাকা শিক্ষার্থীদের উদ্যোগেই এনসিপির জন্ম হয়। প্রতিষ্ঠার পর থেকেই বৈষম্যবিরোধী সমাজ গঠন এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সরব থেকেছে দলটি। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এনসিপি। 

এই নির্বাচনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ ছয়জন তরুণ নেতা সংসদ সদস্য নির্বাচিত হয়ে বর্তমানে আইনসভায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মাত্র এক বছরের পথচলায় এমন সংসদীয় প্রতিনিধিত্ব দলটিকে দেশের রাজনীতিতে একটি আলোচিত শক্তিতে পরিণত করেছে।প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন যে আজকের ইফতার মাহফিল কেবল একটি আনুষ্ঠানিক আয়োজন নয় বরং এটি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধাদের পুনর্মিলনীতে পরিণত হবে। 

এই আয়োজনে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারগুলোর সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, শ্রমিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকবেন। বিকেল চারটা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে গত এক বছরের রাজনৈতিক পথচলার উল্লেখযোগ্য মুহূর্তগুলো নিয়ে একটি বিশেষ চিত্রপ্রদর্শনী ও ‍‍`স্ট্রিট ওয়াল‍‍` প্রোমো প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে যা উপস্থিত দর্শকদের মাঝে বিশেষ আগ্রহ সৃষ্টি করবে।

কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি এনসিপি দেশের বিভাগীয় শহরগুলোতেও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। আগামী ২ মার্চ চট্টগ্রামে এবং ৪ মার্চ সিলেটে বড় ধরনের ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হবে। একইভাবে ৫ মার্চ ময়মনসিংহ ও ৩ মার্চ কুমিল্লায় বিশেষ ইফতার আয়োজনের মাধ্যমে স্থানীয় নেতাকর্মী ও শহীদ পরিবারের মধ্যে সংযোগ জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

দলের নীতিনির্ধারকরা মনে করছেন এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে এনসিপির সাংগঠনিক ভিত্তি আরও মজুুত হবে। এক বছরের সফল পথচলা শেষে আগামী দিনে একটি সত্যিকারের গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তারা কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।