বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

এমপিদের দুই দিনের প্রশিক্ষণ শুরু করেছে বিএনপি

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৬, ২০২৬, ১১:৩২ এএম

এমপিদের দুই দিনের প্রশিক্ষণ শুরু করেছে বিএনপি

বিএনপির প্রশিক্ষণ কর্মশালা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত সংসদ সদস্য এবং মন্ত্রীদের জন্য দুই দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি। রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে শুক্রবার সকালে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মূলত প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিতদের সংসদীয় রীতিনীতি ও রাষ্ট্রীয় কার্যক্রমে দক্ষ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, এই কর্মশালার মাধ্যমে সংসদীয় কার্যক্রমের বিভিন্ন সূক্ষ্ম বিষয় যেমন বিল উত্থাপন, বাজেট আলোচনা, সংসদীয় স্থায়ী কমিটির কার্যপরিধি এবং মন্ত্রিসভার দাপ্তরিক রেওয়াজ সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হচ্ছে। 

অভিজ্ঞ সাবেক আমলা, রাষ্ট্রবিজ্ঞানী এবং দলের প্রবীণ সংসদ সদস্যরা এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। তাদের অভিজ্ঞতার আলোকে নতুন জনপ্রতিনিধিদের মন্ত্রণালয় পরিচালনা এবং জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার কৌশল শেখানো হচ্ছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান সংবাদমাধ্যমকে জানান, আগামী ১২ মার্চ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এর আগেই সংসদ সদস্যদের সংসদীয় রীতিনীতি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দিতে এই নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার সকালে শুরু হওয়া প্রথম অধিবেশনে অংশ নিয়েছেন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টারা। মধ্যাহ্নভোজের পর দ্বিতীয় অধিবেশনে ঢাকা, রংপুর, রাজশাহী ও ফরিদপুর বিভাগের সংসদ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়।

শনিবার কর্মশালার দ্বিতীয় ও শেষ দিনে বাকি বিভাগগুলোর সংসদ সদস্যরা পর্যায়ক্রমে অংশগ্রহণ করবেন। দলীয় জ্যেষ্ঠ নেতারা মনে করছেন, এই প্রশিক্ষণ সংসদ সদস্যদের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও বেশি কার্যকর ভূমিকা রাখতে সাহায্য করবে। বিশেষ করে স্থানীয় উন্নয়ন প্রকল্প গ্রহণ, সরকারি কেনাকাটায় স্বচ্ছতা আনা এবং সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে এই শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে রাষ্ট্রীয় নথিপত্র পর্যালোচনা এবং দাপ্তরিক কাজে স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই আয়োজনে।