রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২০, ২০২৬, ১২:৪৬ পিএম

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৩৬ জন প্রার্থীর নাম চূড়ান্তভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে টানা দুই দিনব্যাপী নিবিড় সাক্ষাৎকার গ্রহণ শেষে মনোনয়ন বোর্ড এই প্রার্থীরা নাম নিশ্চিত করেছে।

 দলীয় নেতৃত্বের এমন সিদ্ধান্তকে ঘিরে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নারী নেত্রীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে।রিজভী জানান, সংসদের সংরক্ষিত আসনে প্রার্থী হতে ইচ্ছুক নেত্রীদের যোগ্যতা ও রাজপথের সক্রিয়তা বিবেচনা করে মনোনয়ন বোর্ড এই ৩৬ জনকে মনোনীত করেছে। 

এর আগে গত শুক্র ও শনিবার গুলশান কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। এই মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার নারী আসনে দলীয় মনোনয়ন পেতে ব্যাপক আগ্রহ দেখা গিয়েছিল। দলটির পক্ষ থেকে মোট ১ হাজার ২৫টি ফরম বিক্রি হলেও চূড়ান্তভাবে প্রায় ৯০০ জন নেত্রী তাদের জীবনবৃত্তান্ত ও আবেদনপত্র জমা দিয়েছিলেন। সেখান থেকেই যাচাই-বাছাই শেষে চূড়ান্ত এই তালিকা প্রস্তুত করা হয়েছে।মনোনয়নপ্রাপ্তদের তালিকায় ঠাঁই পেয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান এবং নিলুফার চৌধুরী মনি। 

এ ছাড়া আলোচিত নেত্রী নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি ও সুলতানা আহমেদও দলের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তালিকায় আরও রয়েছেন ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী এবং মমতাজ আলম। ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানাও রয়েছেন এই তালিকায়।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির এই চূড়ান্ত তালিকায় অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয় ঘটানোর চেষ্টা করা হয়েছে। বিশেষ করে যারা বিগত সময়ের আন্দোলনে সক্রিয় ছিলেন এবং বিভিন্ন ঘাত-প্রতিঘাত সহ্য করে দলের আদর্শ ধরে রেখেছেন, তাদেরই প্রাধান্য দেওয়া হয়েছে। এর আগে দ্বিতীয় দিনেও যখন সাক্ষাৎকার চলছিল, তখন থেকেই সবার নজর ছিল এই তালিকার দিকে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, খুব শীঘ্রই এই মনোনীত প্রার্থীদের নাম নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে দলীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করার মাধ্যমে বিএনপি তাদের সংসদীয় কার্যক্রম আরও গতিশীল করতে চায়। এর মাধ্যমে নারী অধিকার ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সংসদে আরও জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে বলে মনে করছেন দলটির সিনিয়র নেতারা।