এপ্রিল ২০, ২০২৬, ১০:০৪ পিএম
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে চমক দেখিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন শেরপুরের তরুণ চিকিৎসক নেতা ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নাম ঘোষণা করা হয়। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে নারী প্রার্থীদের এই তালিকা প্রকাশ করেন।
ডা. প্রিয়াঙ্কার মনোনয়ন পাওয়ার খবরে শেরপুর জেলাজুড়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলীয় নেতাকর্মীরা।স্থানীয় নেতাকর্মীরা জানান, ডা. প্রিয়াঙ্কা রাজনৈতিক পরিবারে বেড়ে উঠলেও নিজের মেধা ও যোগ্যতায় তিনি দলে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।
শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী হযরত আলীর কন্যা প্রিয়াঙ্কা পেশায় একজন চিকিৎসক। তিনি কেবল শেরপুরেই নন, সারাদেশের মধ্যে বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে সর্বকনিষ্ঠ হিসেবে পরিচিত।
বর্তমানে তিনি ধানমন্ডির একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন এবং চিকিৎসকদের শীর্ষ সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় নেতৃত্বে সক্রিয় ভূমিকা পালন করছেন।রাজনীতিতে সরাসরি অংশগ্রহণের খুব বেশি সময় না হলেও নির্বাচনী লড়াইয়ে ডা. প্রিয়াঙ্কার অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। ২০১৮ সালে তার বাবা হযরত আলী কারাবন্দি থাকায় দল তাকে শেরপুর-১ আসন থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন দিয়েছিল। এরপর সর্বশেষ ২০২৬ সালের সাধারণ নির্বাচনেও তিনি দলীয় প্রতীকে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেন।
যদিও সেই নির্বাচনে কাঙ্ক্ষিত জয় আসেনি, তবে মাঠের রাজনীতিতে সক্রিয় থেকে সাধারণ মানুষের পাশে থেকেছেন তিনি। ব্যক্তিগত জীবনে ডা. প্রিয়াঙ্কার স্বামী রাহেমীন চৌধুরী পেশায় একজন আইনজীবী, যিনি তার রাজনৈতিক পথচলায় সব সময় অনুপ্রেরণা জুগিয়েছেন।প্রিয়াঙ্কার এই মনোনয়নকে দলের তৃণমূল পর্যায়ের ত্যাগী কর্মীদের মূল্যায়নের প্রতিফলন হিসেবে দেখছেন শেরপুরের সাধারণ মানুষ।
সোমবার দুপুর থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সমর্থকদের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। তৃণমূলের সাধারণ কর্মীরা মনে করছেন, শিক্ষিত ও মেধাবী প্রজন্মকে সংসদে পাঠানোর মাধ্যমে বিএনপি একটি সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে। সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ার পর ডা. প্রিয়াঙ্কা জানান, দলের নীতিনির্ধারকরা তার ওপর যে আস্থা রেখেছেন, তিনি সাধারণ মানুষের সেবা ও নারী অধিকার প্রতিষ্ঠায় তার সর্বোচ্চটুকু দিয়ে সেই আস্থার মর্যাদা রক্ষা করার চেষ্টা করবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন