রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

সাংবাদিকদের ওপর হামলায় এবি পার্টির তীব্র নিন্দা ও উদ্বেগ

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৪, ২০২৬, ০৬:২৪ পিএম

সাংবাদিকদের ওপর হামলায় এবি পার্টির তীব্র নিন্দা ও উদ্বেগ

রাজধানীর শাহবাগ থানা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাংবাদিকদের ওপর হামলা এবং মব জাস্টিসের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একইসঙ্গে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জেনারেটেড ফটোকার্ডকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকি ও হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলটি। শুক্রবার এক যৌথ বিবৃতিতে এবি পার্টির শীর্ষ নেতারা এই দাবি জানান।

বিবৃতিতে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, শাহবাগ থানা ও ঢাবি ক্যাম্পাসে গত রাতে যে সহিংসতার পরিবেশ তৈরি করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। 

একটি সম্পাদিত স্ক্রিনশটকে কেন্দ্র করে একজন শিক্ষার্থীকে হত্যার হুমকি দেওয়া এবং তার আবাসিক কক্ষে গিয়ে তল্লাশি চালানো সম্পূর্ণ বেআইনি কর্মকাণ্ড। তারা মনে করেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই বারবার এ ধরনের উগ্র মানসিকতা মাথাচাড়া দিয়ে উঠছে।

নেতৃদ্বয় উল্লেখ করেন, ভুক্তভোগী শিক্ষার্থী নিজে আইনি আশ্রয়ের জন্য শাহবাগ থানায় গেলেও তাকে দীর্ঘ সময় আটকে রাখা হয়েছে। এমনকি তার সাধারণ ডায়েরি বা জিডি গ্রহণ না করে উল্টো হয়রানি করা হয়েছে, যা নাগরিক অধিকার ও আইনের শাসনের সরাসরি পরিপন্থী। ওই সময় পরিস্থিতি পর্যবেক্ষণে থানায় গেলে হামলার শিকার হন ঢাবি ডাকসু নেতা এবি জুবায়ের ও এবিএম মোসাদ্দেক। থানার ভেতরে এ ধরনের হামলা রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য একটি গুরুতর হুমকি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এবি পার্টির নেতারা আরও জানান যে, ইতোমধ্যে বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ওই সংশ্লিষ্ট ফটোকার্ডটিকে ভুয়া হিসেবে শনাক্ত করেছে। অতীতেও এমন ঘটনা ঘটলেও সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে তারা অভিযোগ করেন। এ অবস্থায় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। একইসঙ্গে আহতদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।