এপ্রিল ৩০, ২০২৬, ০৮:০৯ পিএম
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেশের শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।বিবৃতিতে নূরুন্নিসা সিদ্দীকা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি।
তাদের ঘাম ও পরিশ্রমের ওপরই শিল্প ও কৃষিসহ সব খাতের উৎপাদনব্যবস্থা দাঁড়িয়ে আছে। তবে বর্তমানে দেশে এখনো অনেক শ্রমিক ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
দেশে কর্মরত বিপুলসংখ্যক নারী শ্রমিকের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নারী শ্রমিকরা দ্বিগুণ বৈষম্যের শিকার হচ্ছেন। একদিকে তারা কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হন, অন্যদিকে সামাজিক নিরাপত্তাহীনতা তাদের বড় সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। নারী শ্রমিকদের অধিকার রক্ষা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
নূরুন্নিসা সিদ্দীকা তাঁর বিবৃতিতে ধর্মীয় দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, রাসূলের (সা.) সুন্নাত হলো শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধ করা। তিনি শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান। একই সঙ্গে শ্রম আইন যথাযথ বাস্তবায়ন এবং কর্মপরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট সবার প্রতি তাগিদ দেন তিনি।
আন্তর্জাতিক শ্রমিক দিবসকে অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক হিসেবে উল্লেখ করে নূরুন্নিসা সিদ্দীকা বলেন, এটি শুধু একটি দিবস নয়। তিনি একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরিশেষে তিনি দেশের সব শ্রমিকের কল্যাণ, নিরাপত্তা ও উন্নতি কামনা করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন