রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকতে বললেন আমিরে জামায়াত

নাজমুন নাহার নীলু

মে ১৪, ২০২৬, ১০:২০ পিএম

আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকতে বললেন আমিরে জামায়াত

ছবি-দিনাজপুর টিভি

বাংলাদেশ জামায়াত ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে তিনদিন ব্যাপী এক কেন্দ্রীয় শিক্ষা শিবির শুরু হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর আলফালাহ মিলনায়তনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত দায়িত্বশীল নেত্রীবৃন্দের উপস্থিতিতে এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। 

তিনি দুনিয়া ও আখিরাতের ভারসাম্যপূর্ণ জীবনের ওপর গুরুত্বারোপ করে কর্মীদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ তাআলা যাকে যে অবস্থানে রাখেন, তার মাঝেই প্রকৃত কল্যাণ নিহিত থাকে। মানুষের মূল কাজ হলো অত্যন্ত আন্তরিকতার সাথে দ্বীনের কল্যাণে নিয়োজিত থাকা এবং আল্লাহর ফয়সালার ওপর সবসময় সন্তুষ্ট থাকা।

তিনি আরও বলেন, একজন মুমিনের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত আখিরাতের চূড়ান্ত সফলতা অর্জন করা। দুনিয়ার সাময়িক কোনো প্রাপ্তি কিংবা অপূর্ণতা যেন ইমান ও কাজের গতিকে কোনোভাবেই দুর্বল করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মনের সঞ্চালনায় শিক্ষা শিবিরে উদ্বোধনী বক্তব্য পেশ করেন মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে নারীদের যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। একই সাথে তিনি ইসলামী আন্দোলনের কর্মীদের আদর্শ, তাকওয়া, সাংগঠনিক দক্ষতা অর্জন ও আত্মগঠনের কাজে আরও বেশি তৎপর হওয়ার তাগিদ দেন।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে দারসুল কুরআন পেশ করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, একজন মুমিনের পুরো জীবনটাই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত হওয়া বাঞ্ছনীয়। দ্বীনদারী কেবল নামাজ বা নির্দিষ্ট কিছু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানুষের চিন্তা, কর্ম, ত্যাগ, দায়িত্ব ও সামগ্রিক জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সুনির্দিষ্ট নির্দেশনা মেনে চলাই হলো প্রকৃত দ্বীনদারীর পরিচয়।

আয়োজিত এই জামায়াত মহিলা বিভাগের শিক্ষা শিবির অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দেশের সবকটি জেলা থেকে সুনির্দিষ্টভাবে বাছাইকৃত মাঠপর্যায়ের জনশক্তিদের নিয়ে আয়োজিত এই বিশেষ শিক্ষা শিবির আগামী ১৬ মে পর্যন্ত চলবে বলে দলীয় সূত্রে জানা গেছে।