মে ২, ২০২৬, ০২:৩৫ পিএম
বিএনপির অনেক অঙ্গ ও সহযোগী সংগঠন রয়েছে উল্লেখ করে নতুন করে আর কোনো সহযোগী সংগঠনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।মির্জা ফখরুল বলেন, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সংখ্যা যথেষ্ট।
আমি অত্যন্ত কষ্ট পাই যখন শুনি জিয়া পরিষদের নামে সবাই দোকান খুলছে। দয়া করে জিয়া পরিষদের নামে কেউ দোকান খুলবেন না। আমাদের এখন দরকার জিয়াউর রহমানের আদর্শ ও কাজ নিয়ে গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলা। তিনি জানান, দলের চাপে জিয়া পরিষদ কয়েকটি বই প্রকাশ করেছে, তবে তাদের পক্ষ থেকে আরও গবেষণামূলক কাজ প্রত্যাশা করে দল।
দেশের শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিএনপি মহাসচিব বলেন, গত ১৫ বছরে বাংলাদেশে নিয়ম হয়েছিল যে তদবির ছাড়া কোনো কাজ হয় না। অনেকে ভাইস চ্যান্সেলর হওয়ার জন্যও তদবির করেছেন, যা অত্যন্ত দুঃখজনক। তিনি একে সিস্টেমের ত্রুটি হিসেবে উল্লেখ করে বলেন, মেধা ও বুদ্ধিমত্তা ছাড়া কোনো জাতি সামনে এগোতে পারে না।
সংবিধান সংস্কার এবং জুলাই সনদ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ ও সংবিধান নিয়ে বর্তমানে যে বাহাস চলছে তা ইতিবাচক। তবে এগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়। তিনি উল্লেখ করেন, জুলাই সনদের প্রতিটি পর্যায়ে বিএনপি সম্পৃক্ত ছিল এবং কিছু ক্ষেত্রে দল থেকে `নোট অব ডিসেন্ট` বা ভিন্নমত দেওয়া হয়েছে।
সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম নিয়ে তিনি বলেন, সংবিধান সংস্কারের বিষয়ে কিছু জায়গায় একমত না হওয়ার বিষয় রয়েছে। বিশেষ করে উচ্চকক্ষে পিআর (Proportional Representation) এবং সংস্কার পরিষদের গঠন নিয়ে দ্বিমত রয়েছে। মির্জা ফখরুলের মতে, যাবতীয় সিদ্ধান্ত ও পরিবর্তন হতে হবে জাতীয় সংসদের মাধ্যমে। জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করলেও সব পরিবর্তন সংসদীয় প্রক্রিয়ায় সম্পন্ন করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন